
পাবনার ঈশ্বরদীতে শাহিনা খানম নিলু (৫৩) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিনা খানম নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন শাহিনা খানম নিলু। ঘটনার সময় বাড়ির পাশের দু’জন মহিলা শাহিনা খানম নিলুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।’
এম জি