
কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ক্যামেরাটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, ইয়াসিন, মো. রুবেল ইফতেখার হোসেন নাবিল ও মো. ইব্রাহিম ওরফে সাগর।
জানা গেছে, সুমন নামে এক পর্যটক বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে গত ২৩ আগস্ট ভোরে ঘুরতে বের হন। এ সময় সুগন্ধা পয়েন্টের হান্ডি রেস্টুরেন্টের সামনে সাতজনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তারা সুমনকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরও জানান, এ ঘটনার সময় ছিনতাইকারীরা তাদের একটি মুঠোফোন ফেলে যান। পরে সেই মুঠোফোনের সূত্র ধরে নাবিলকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মতে আরও তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর এক বন্ধু বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। তবে অন্য তিন ছিনতাইকারীকেও আটকের চেষ্টা চলছে।
এম জি