
অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৮ আগস্ট) উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেন ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম।
মামলার অপর আসামিরা হলেন-জি কে শামীমের সাত দেহরক্ষী মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, জি কে শামীমসহ আট আসামি কারাগারে আছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। সে সময় তার বাড়িতে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়।
এম জি