পেট্রল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১২ সেপ্টেবর পযর্ন্ত স্থগিত করা হয়েছে ।
রোববার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সঙ্গে বৈঠকের পর আজ সোমবার দুপুরে বিপিসির ঢাকার লিয়াজোঁ অফিসে এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক।
সভাপতি মো. নাজমুল হক জানান, তবে দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশে পাম্প বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।
আশ্বাস দেওয়া বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ সংবাদ সম্মেলনে বলেন, তাদের দাবিগুলোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের বলেছি, আপনারা কিছুদিন সময় দেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন।
এসময় নাজমুল হক বলেন, বিপিসির সঙ্গে বৈঠকের পর আমাদেরও মনে হয়েছে, এ বিষয়গুলোতে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রয়োজন। তাই আমরা ১২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর থেকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু করা হবে।
গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক পাঁচ দফা দাবিতে আগামী বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পেট্রল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেন।
সানবিডি/এমআর