
রুশ সামরিক বাহিনী যদি বাঁচতে চায়, তাহলে এখনই তাদের পালানোর সময়। ৩০ আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভাষণে এই দাবি করেন। খবর বিবিসির।
তিনি আরও বলেন, হানাদাররা ভালো করে জানে দুই দেশের মধ্যে সীমান্ত পরিবর্তন হয়নি, ইউক্রেন এসব হামলাকারীকে বিতাড়িত করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন তার খারকিভ, লুহানস্ক, দোনেতস্ক, ঝাপোরিজজিয়া, খেরসন, ক্রিমিয়া অঞ্চল ফিরে আনবে। বিশেষ করে পুরো কৃষ্ণ সাগর ও আজভ সাগর।
এছাড়া জেলেনস্কি বলেন, এটি ঘটবেই। এটা আমাদের এবং আমাদের সমাজ যেমন এটি বোঝে, আমি চাই দখলদাররাও তা বুঝুক। ইউক্রেনীয় ভূমিতে তাদের জন্য কোনো স্থান হবে না।
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল ও ডনবাস দখল করার প্রচেষ্টার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল এবং অবশ্যই সেখানে রুশদের রুখতে হবে সেই অঞ্চলগুলিকে মুক্ত করে, বলেন জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ছয় মাস পেরিয়ে গেছে দেশ দুইটির মধ্যে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
সূত্র: বিবিসি