
একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির কারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার (৩১ আগস্ট) ভোর সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, আগামীকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেন। একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ঘোষণা করায় আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশংকা করছে স্থানীয় প্রশাসন। তাই চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
তিনি আরও জানান, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়ামসহ চৌমুহনী পৌরসভা এলাকার কোনো স্থানে পথসভা, সমাবেশ, মিছিল, জমায়েত অথবা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবে না।
এম জি