
আমদানি শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন এ দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়াও কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এরই মধ্যে নতুন বাস ভাড়ার একটি প্রস্তাবনা তৈরি করেছে দেশের পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বিআরটিএর একটি সূত্র জানিয়েছে, বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমানোর প্রস্তাব করা হয়েছে। বিষয়টি সম্পর্কে এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এর আগে গত ৬ আগস্ট জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। এতে ৪০ পয়সা বাড়িয়ে দূরপাল্লার বাস ভাড়া নির্ধারণ করা হয় ২ টাকা ২০ পয়সা। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য ৩৫ পয়সা বাড়িয়ে কিলোমিটারপ্রতি বাস ভাড়া নির্ধারণ করা হয় ২ টাকা ৫০ পয়সা। জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর বিআরটির প্রস্তাব অনুমোদন হলে দূরপাল্লার বাস ভাড়া হবে কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি বাস ভাড়া হবে ২ টাকা ৪৫ পয়সা।
বিআরটিএর একজন কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি তেলের হ্রাসকৃত মূল্যের সঙ্গে বাস ভাড়া সমন্বয়ের জন্য আজ বিআরটিএ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি প্রস্তাব প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার আরেকটি সভা অনুষ্ঠিত হতে পারে। এরপর প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এএ