
গোপালগঞ্জে ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আলী আকবর শেখ (২৮) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন গোপালগঞ্জের দায়রা জজ আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করেও জরিমানা করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
জানা গেছে, আসামি সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল গত ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় তাদের নিজ বাড়ি পার্শ্ববর্তী জেলার মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মোল্লা বাড়ি যাওয়ার কথা বলে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটরসাইকেল ভাড়া নেয়। আসামিরা পথিমধ্যে রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা-গান্ধিয়াশুর সড়কের বাজুনিয়া নামক স্থানে তাকে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরদিন ২৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়ার হাবিবনগর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকালে ২০০৮ সালের ১৩ নভেম্বর আসা সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্য মতে নুরু ফরাজী ওরফে নুরুলকেও গ্রেপ্তার করে পুলিশ। এরপর তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ জানুয়ারি এসআই (উপ-পরিদর্শক) মোক্তার হোসেন দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল।
নিহত আলী আকবর কোটালীপাড়া উপজেলার বাগান উওরপাড় গ্রামের মৃত কাদের শেখের ছেলে।
এম জি