
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী ‘আমাদের সিনেমা শিরোনামে’ বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এই প্রদর্শনীতে তিন দিনে মোট ৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩দিন ব্যাপী ‘আমাদের সিনেমা’ শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় তিনি বলেন, আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বিশেষ অবদান রাখছে সে ইতিহাস আমরা সকলেই জানি। এছাড়াও আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার অন্যতম পাথেও হিসেবে কাজ করে বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্র যেমনিভাবে আমাদের বিনোদনের খোড়াক জোগায় তেমনিভাবে আমাদের জাতিসত্বাকে বিশ্বের কাছে তুলে ধরে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছরই এ রকমের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে এ রকমের সুস্থ সাংস্কৃতিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই সমার্থন করি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত ইসলাম আমান জানান, একটা দেশ ও জাতির ইতিহাসকে সুন্দর , শুদ্ধ ও সুশৃঙ্খলভাবে তুলে ধরার জন্য সিনেমা অনেক শক্তিশালী এবং কার্যকরী একটা মাধ্যম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলা সিনেমা দেখার প্রতি আগ্রহী করে তুলতে আমরা প্রতিবছর ‘আমাদের সিনেমা’ উৎসবের আয়োজন করে থাকি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাড়াজাগানো ৬ টি সিনেমা নিয়ে আমাদের এবারের আয়োজন। উৎসবের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ আমরা লক্ষ্য করছি। প্রতিটি সিনেমার টিকেটের জন্য অসংখ্য শিক্ষার্থী ভীর করছে আমাদের টিকেট বুথে। সবাই দল বেঁধে আমাদের সিনেমা গুলো দেখতে আসছেন। যেটা আমাদের সকলের জন্য খুবই আনন্দের।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান সহ চলচ্চিত্র সংসদের সদস্যরা।
উল্লেখ্য, আজ ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় ‘শিমু’ ও দুপুর ১ টায় ‘রাত জাগা ফুল’, আগামী ৭ সেপ্টেম্বর ১০ টায় ‘গন্ডি’ ও দুপুর ১ টায় ‘নোনা জলের কাব্য’ এবং আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় ‘অলাতচক্র’ ও ১২ টায় ‘পরান’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এম জি