
আগের সব সদস্যকে বাদ দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) পুনর্গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন এ বোর্ড গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পুনর্গঠিত বোর্ডের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার একটি আদেশও জারি করেছে।
মন্ত্রণালয়ে আদেশ অনুযায়ী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিওটির অন্য সদস্যরা হলেন, সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারী অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ড. মেখলা সরকার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোস্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির (এসআইএস) নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।
এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা -এর বোর্ড অব ট্রাস্ট্রিজের পুর্নগঠনের সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
তার সেই সম্মতি বাস্তবায়নে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল সিনিয়র কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠকে বসেন।
এএ