
বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে যুবলীগের চার কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উত্তেজিত জনতা পিকনিকের বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের যুবলীগের কর্মী। তারা জেলা শহরে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে জেলা শহরে আসেন যুবলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নছিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে একটি পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবলীগকর্মী নিহত হন। গুরুতর আহত ১৫-২০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে আরও তিন যুবলীগকর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কজনক। তারা সবাই যুবলীগের কর্মী।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিতা জনতা বাসটিতে আগুন দেয় ও ভাঙচুর করে। বাসের চালক ও যাত্রীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বাসটি পাবনা জেলা থেকে পিকনিকে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বাসের চালক ও যাত্রীরা পালিয়ে গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো