
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে খুন করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তারপুল এলাকার একটি বাসা থেকে শামীমা আক্তার নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশ জানিয়েছে, নিহত শামীমা আক্তার পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটির বরকলে বিজিবিতে কর্মরত।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় ঢুকে গৃহবধূ শামীমাকে হত্যা করে স্বর্ণালঙ্কার, মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।
স্থানীয়রা বলছেন, শামীমার হাত-পা বাঁধা ছিল। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, শামীমার কোনো সন্তান নেই। স্বামী কর্মসূত্রে রাঙ্গামাটিতে থাকেন। তিনি বাসায় একাই থাকতেন। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এম জি