চাঁদপুরে অবস্থিত দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছ ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ঘাটে আসছে দুই থেকে তিন হাজার মণ ইলিশ। এতে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কমেছে ১৫০-২০০ টাকা। তবে ক্রেতাদের দাবি মৌসুমের তুলনায় দাম এখনো আশানুরূপ কমেনি। আর আড়তদাররা বলছেন, ঘাটে ইলিশের সরবরাহ এমন থাকলে নদীতে অভয়াশ্রম শুরুর আগে দাম আরও কিছুটা কমতে পারে।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘাটে দেখা যায়, ইলিশের সরবরাহ বাড়ায় ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। যেখানে গত এক সপ্তাহ আগেও শ্রমিকরা অলস সময় কাটিয়েছেন সেখানে তারা এখন ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ৮০০ গ্রাম থেকে সাড়ে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার থেকে ১১শ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ১৩০০ থেকে ১৪০০ টাকা, ১২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে তুলনায় দেড়শ থেকে ২০০ টাকা কম।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, গত কয়েকদিন যাবত ঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে। আমি মনে করি দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালে আছে। তবে ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত ইলিশের সরবরাহ এমন থাকলে দাম আরও কিছুটা কমতে পারে।
এনজে