
করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার রাতে জুমে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়।
দেশে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোসহ ৫ সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কমিটির ভার্চুয়াল সভায় এই সুপারিশগুলো করা হয়। সভায় সভাপতিত্ব কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
কমিটির সুপারিশগুলো হচ্ছে:
১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরিধান ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।
২. প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ করোনা টিকা যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।
৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।
৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।
৫. বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোর ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ গ্রহণ করা।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি