
আগামীকাল রোববার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন বলে জানা গেছে। শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচী পালন করবে শিক্ষকরা।
শিক্ষক সমিতির অফিস সূত্রে জানা যায়,৬ মার্চ অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। বেতন স্কেলের দাবিতের আন্দোলনরত কর্মকর্তাদের ঔদ্ধত্ব্যপূর্ণ আচরণ, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা ও শিক্ষকদের বিষোদাগার করার ঘটনার তদন্তের লক্ষ্যে কমিটি গঠনের দাবি সাধারণ সভায় পাশ হয়।
এছাড়া শিক্ষকদের অবরুদ্ধ করা ও কুটুক্তিকারী দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করাসহ বেশ কিছু দাবিও সভায় গৃহিত হয়। গৃহিত দাবি সমূহ পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ (১৯ মার্চ) পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় শিক্ষকরা। যথাসময়ে দাবি আদায় না হলে কর্মবিরতি পালনে সিদ্ধান্ত হয় ওই সভায়।
ফলে সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ মার্চের মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হওয়ায় আগামীকাল রোববার থেকে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। রবিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করবেন তারা।
এছাড়া পরদিন সোমবার ১০টা থেকে ১২টা ও মঙ্গলবার ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে বলে শিক্ষক সমিতির অফিস নিশ্চিত করেছে। এব্যাপারে শিক্ষক সমিতির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পূর্ব নির্ধারিত এ কর্মসূচী বাতিল করার কোন সুযোগ নেই। বাতিল করতে হলে সাধারণ সভার মাধ্যমেই করতে হবে। শিক্ষকদের দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো আন্তরিক হওয়া জরুরী ছিল বলে মনে করেন।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস