
বিশ্বে প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন ক্ষুধায় মারা যাচ্ছে। সে হিসাবে প্রতি চার সেকেন্ডে মারা যাচ্ছেন একজন। এ অবস্থায় ‘বিশ্বব্যাপী ক্ষুধা সংকটের অবসান ঘটাতে’ আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে প্রায় আড়াইশ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। খবর-এএফপি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালসহ পঁচাত্তরটি দেশের ২৩৮টি সংস্থা এ আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য নিউ ইয়র্কে জড়ো হওয়া বিশ্ব নেতাদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছে এনজিওগুলো।
দিন দিন ক্ষুধার মাত্রা আকাশচুম্বী হওয়ায় চিঠিতে ক্ষোভ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, এটি বিস্ময়কর! পৃথিবীর সাড়ে ৩৪ কোটি মানুষ বর্তমানে তীব্র ক্ষুধার সম্মুখীন হচ্ছে। ২০১৯ সাল থেকে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
চিঠিতে আরও বলা হয়, একবিংশ শতাব্দীতে আর কখনো দুর্ভিক্ষ হবে না বলে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ সোমালিয়ায় আরও একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বজুড়ে ৪৫টি দেশে পাঁচ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে। প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন ক্ষুধায় মারা যাচ্ছে।
সূত্র: এএফপি