
পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা থাকলেও দেশটির পেট্রলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। খবর জিও টিভির।
বুধবার (২১ সেপ্টেম্বর) সংশোধিত জ্বালানি মূল্য ঘোষণায় এ তথ্য জানা গেছে।
এদিন পাকিস্তানের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৪৫ রুপি বেড়েছে।
বুধবার সংশোধিত মূল্যতালিকা অনুসারে, পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৪৫ রুপি বাড়িয়ে ২৩৭ দশমিক ৪৩ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০২ দশমিক ৭৬ টাকা প্রায়) করা হয়েছে। হাইস্পিড ডিজেলের দাম ২৪৭ দশমিক ৪৩ রুপিতে (১০৭ দশমিক ০৯ টাকা) অপরিবর্তিত রয়েছে।
তবে কেরোসিনের দাম লিটারপ্রতি ৮ দশমিক ৩০ রুপি কমিয়ে ২০২ দশমিক ০২ রুপি (৮৭ দশমিক ৪৩ টাকা) করা হয়েছে। আর লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ৪ দশমিক ২৬ রুপি কমে হয়েছে ১৯৭ দশমিক ২৮ রুপি (৮৫ দশমিক ৩৮ টাকা)।
দেশটিতে বুধবার থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য।
এম জি