
বরিশালের রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির বাস চালক ও শ্রমিকদের মারধরের জেরে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনাসহ পশ্চিমাঞ্চলের ৫ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রূপাতলী বাস টার্মিনালে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির বাস চালক ও শ্রমিকদের মারধর করা হয়। এতে ঝালকাঠির ৮ জন চালক-শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিং নিয়ে ঝালকাঠির বাস-শ্রমিকদের সঙ্গে ঝগড়া হয় পটুয়াখালীর বাস শ্রমিকদের। এ সময় বরিশালের বাস শ্রমিকরা পটুয়াখালীর বাস শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে ঝালকাঠির বাস চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক কালু হাওলাদার, সুপারভাইজার আবুল কালাম, হেলপার শাওন হাওলাদার, সাগর ও জাহিদসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কালু হাওলাদার, আবুল কালাম ও শাওনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে বরিশাল বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ঝালকাঠির বাস শ্রমিকদের সঙ্গে পটুয়াখালীর শ্রমিকদের মারামারি হয়েছে। বরিশাল শ্রমিক ইউনিয়নের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়। হামলার পর ঝালকাঠির বাস শ্রমিকরা রূপাতলী বাস টার্মিনাল থেকে পশ্চিমাঞ্চলের ৫ রুটে বাস চলাচল করতে দিচ্ছে না।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছগির হোসেন বলেন, রূপাতলী থেকে ঝালকাঠিসহ পশ্চিমের ৫ রুটে বাস চলাচল বন্ধ হওয়ার ঘটনা জেনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এম জি