
সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণা আর উৎসাহ এই অর্জনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে
তিনি বলেন, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট পরে যে বাংলাদেশ নারী ফুটবল দল দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে; বিএনপি-জামায়াত জোটের সময়ে সেই নারী ফুটবলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এই বিষয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সাফ ফুটবলে নারী চ্যাম্পিয়নশিপ পেয়েছে বাংলাদেশ। হঠাৎ করে আলাদীনের চেরাগবাতি বা জুয়েল আইচের জাদুতে এই নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ অর্জন করেনি।’
‘২০০৩ সালের কথা মনে করে দেখুন, ওই সময়ে আমাদের দেশের মহিলা ফুটবলাররা যখন ফুটবল খেলেছিল তখন বিএনপি–জামায়াত ক্ষমতায়। জামায়াত আর জঙ্গিরা বলেছিল যে, নারী ফুটবল খেলা বাংলাদেশে হতে পারবে না। হতে পারে তবে ফুলপ্যান্ট আর হিজাব পরে খেলতে হবে।’
তিনি বলেন, ‘সেই নারী ফুটবলকে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রেরণা, শক্তি দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালকে একজন নারী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকিকে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়েছিলেন।’
মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
এম জি