
পাবনার বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গহর মণ্ডল (৩০) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢালারচর ইউনিয়নের মিরপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত গহর মণ্ডল ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তফসিল ঘোষণার পর ঢালারচর ইউনিয়নে আওয়ামী লীগ কোরবান আলী সরদারকে দলীয় মনোনয়ন দেয়।
এরপর বিদ্রোহী প্রার্থী হন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ব্যাপারী। এ নিয়ে তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এর আগে তাদের মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে শনিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে মিরপুর গ্রামে দুই গ্রুপের সমর্থকরা ভোট চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে।
এতে গুলিবিদ্ধ হয়ে নাসির উদ্দিন ব্যাপারীর সমর্থক গহর মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।