
চাঁদপুর শহরে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি রফিকুল্লাহ কোম্পানি (৭০)। শনিবার সন্ধ্যায় নতুনবাজারে রফিকুল্লাহ বোডিংয়ের নিজ বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের ছোট ভাই মো. নাসিরউল্লাহ্ জানান, শনিবার মাগরিবের নামাজের পর বড় ভাইয়ের খুন হওয়ার খবর পাই। বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ির দোতলায় নিজ কক্ষে ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসি।
নিহতের ভাগ্নে সফিকুর রহমান খান জানান, শনিবার মাগরীবের নামাজ পড়ে আমরা নিচতলায় বাড়িতে ছিলাম। হঠাৎ উপর তলা থেকে রফিকুল্লাহ মামার কেয়ারটেকার মিরাজের ডাক- চিৎকার শুনে উপরে আসি। কোয়াটার মিরাজ আমাদেরকে জানায়, রফিক উল্লাহ মামার কাছে বাবুরহাট এলাকার একটি ছেলে নিয়মিত আসা-যাওয়া করতো। কিছুক্ষণ আগে তাকে মামার রুম থেকে বের হয়ে যেতে দেখেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আমরা প্রাথমিকভাবে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অধিকতার তদন্ত করে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।
এম জি