
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
মৃত ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের মরদেহ উদ্ধার করে নদীর পাড়ে রাখা হয়েছে।
জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি দুলতে শুরু করে। এসময় মাঝি নৌকাটি ঘাটে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে ওঠেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানিয়েছেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী থাকা ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এম জি