বান্দরবানে ৩ বছর বয়সের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শরিফুল ইসলাম (১৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার এক টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউপির সিরাজ কারবারি পাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে।
অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা জানান, শরিফুল ইসলাম ২০১৯ সালের ৩ আগস্ট ভুক্তভোগী শিশুকে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে স্বজনরা গেলে সে পালিয়ে যান। পরে স্থানীয়রা শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনা পরদিন ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার সকালে আদালত এ রায় দেন।
এম জি