
একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ভারতের মুদ্রা। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আবারও ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতি ডলার বিক্রি হয়েছে ৮১ দশমিক ৩০ রুপিতে। ভারতের ইতিহাসে এর আগে কখনও এত কম মূল্যে দেশটির মুদ্রা বেচাকেনা হয়নি।
দেশীয় মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই)। রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে তারা। তাতেও কাজ হচ্ছে না।
মুম্বাইভিত্তিক ব্যাংকে এক ব্যবসায়ী বলেন, ডলারের দাম যেন কোনোভাবেই ৮০ রুপির ওপরে না যায়, সেজন্য পদক্ষেপ নিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। তাতে কিছুদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজার স্থিতিশীল ছিল। আবার সেরকম কোনো উদ্যোগ ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক নেবে কি না, সেদিকে তাকিয়ে বিনিয়োগকারীরা।
ইতোমধ্যে ২০ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে ডলারের দাম। এতে ভারতের ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে। বিশেষ করে আমদানি কমেছে অনেক। স্বাভাবিকভাবেই রুপির দরপতন ঘটছে।
এএ