
ইরানের নৈতিক পুলিশের হেফাজতে ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলন ফুঁসে উঠেছে দেশজুড়ে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত এই বিক্ষোভে ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেও জানিয়েছে আইএইচআর। খবর আল আরাবিয়ার।
এ নিয়ে ইরান হিউম্যান রাইটসের পরিচালক মোহাম্মদ আমিরি–মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, আমরা এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্তমূলক এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদকারীদের হত্যা ও নির্যাতন বন্ধের লক্ষ্যে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ এবং আমাদের কাছে আসা মৃত্যু সনদগুলো থেকে দেখা গেছে, মিছিলে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
এম জি