
নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- পলাশ থানার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া (২১), জয়পুরা এলাকার মানিক মুখা (২১), নাঈম মৃধা (২১), খাসহাওলা এলাকার আফসার মিয়া (২১) ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম (১৮)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে মাদরাসা থেকে বের হয়ে সিফাত ও ইতি কথা বলছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের গ্রেফতারকৃত সদস্যরা দুই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। তখন তারা জোরপূর্বক দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ হাজার টাকা দাবি করে। একই সঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটরসাইকেলে ও ইতি আক্তারকে সিএসজিতে উঠিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যেতে থাকে। কিন্তু পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ও পরীক্ষার্থীদের থেকে নেওয়া ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী সিফাতের বাবা একটি মামলা করেন। আসামিদের আদালেতে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এম জি