
সিরাজগঞ্জের কামারখন্দে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত শিশু সাফি (৫) মারা গেছে। বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সাফির মামা শাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।
দুর্ঘটনায় আহত সাফির বড় ভাই কাফি (৬) আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সাফি ও কাফি নাটোরের কুমরুল গ্রামের মশিউর রহমান বাবুর ছেলে।
সাফি ও কাফির মামা শাহেদ বলেন, নাটোর থেকে ফুপুর সঙ্গে সিরাজগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আসে সাফি ও কাফি। পরে সেখান থেকে পাবনা যাচ্ছিল। পথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। হাসপাতালে আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত আমার দুই ভাগিনাকে ঢাকায় নিয়ে আসা হয়। আজ একজন মারা যায়।
সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন (৪৫) এবং নুর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫) ও রফিকুল ইসলাম (৪০)।