
ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ভোর ৫টার দিকে নাসিকের ঔরঙ্গাবাদ সড়কে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
নাসিকের ডেপুটি কমিশনার অফ পুলিশ অমল তাম্বে জানান, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বিলাসবহুল বাসের যাত্রী ছিল। তবে তাদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
রাজ্যের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।
সূত্র: এনডিটিভি