
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততোদিন দেশটিতে সুদের হার কমানো অব্যাহত থাকবে।
শনিবার (৮ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে এক সমাবেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
এরদোগান বলেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততোদিন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে তার নীতিগত সুদের হার কমানো অব্যাহত রাখবে। ইতোমধ্যেই গত দুই মাসে দুই বার সুদের হার কমিয়েছে এরদোগান সরকার। এর মধ্যেই শনিবার এই প্রবণতা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।
বালিকেসিরে দেওয়া ভাষণে এরদোগান বলেন, ‘যতদিন আপনাদের এই ভাই এই অবস্থানে থাকবে ততদিন প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাসে সুদ কমতে থাকবে।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা তৈরি হয়েছে। এরদোগানের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে।
সূত্র: রয়টার্স
এএ