
আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ২১ বছরে পড়লো। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে আফগান সরকারের মুখপাত্র ও তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে কাবুলের সঙ্গে যুক্তরাষ্ট্রকে সুসম্পর্ক তৈরির আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, মুজাহিদ বলেন- শক্তি প্রয়োগ করে কোনোপক্ষই আফগানিস্তানে সফল হতে পারেনি।
বর্তমান আফগান সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারভাবেই এই অঞ্চলে স্থিতিশীলতা চায় তাহলে আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্কে জড়িত হওয়া উচিত।
খবরে বলা হয়, ২১ বছর আগে ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। ওই কথা মনে করে বর্তমান আফগান সরকারের কয়েকজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন নিঃসন্দেহে একটি নিপীড়নমূলক কাজ।
তালেবান সরকারের নীতি-নৈতিকতা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি বলেন, আফগানিস্তানে নির্বিচারে বি-৫২ বোমারু বিমান, ড্রোন এবং মাদার অব অল বোমা ব্যবহার করা হয়েছে।
ইনামুল্লাহ সামাঙ্গানি নামে সরকারের আরেক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র কেবল আফগানিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় পরিবর্তন করার জন্যই নয় বরং বিশ্ব রাজনীতিতেও পরিবর্তন আনতে চেয়েছিল। আর এ জন্য পুরো বিশ্ব, সমস্ত আধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে আফগানিস্তানে এসেছিল যুক্তরাষ্ট্র।
এএ