
কসোভোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত রিপাবলিক অব কসোভোর উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব করেন।
দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর উন্নয়নে দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণের ওপর জোরারোপ করেন রিজওয়ান রাহমান। এছাড়াও বলকান অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশি পণ্যে রফতানির বাজার সম্প্রসারণে স্থানীয় উদ্যোক্তাদের কসোভোতে বেশি হারে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। তিনি বাংলাদেশ থেকে তথ্য-প্রযুক্তি খাতের প্রশিক্ষিত জনবল ও অবকাঠামো নেওয়ার প্রস্তাব করেন। দুই দেশের ভৌগোলিক দূরত্বের বিষয়টি বিবেচেনায় নিয়ে ভার্চুয়ালি বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন দেশ দুটোর উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা।
কসোভোর উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতি জানান, তার দেশের উদ্যোক্তাদের মধ্যে ৯২শতাংশই এসএমই খাতের। দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কসোভোতে ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমের লভ্যাংশের ওপর শূন্য শতাংশ শুল্ক আরোপ করা হয়ে থাকে। দেশটি ইউরোকে নিজস্ব মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছে। এ ধরনের সুযোগ-সুবিধা বাংলাদেশের উদ্যোক্তাদের তার দেশে বিনিয়োগে উৎসাহিত করবে। এছাড়াও তিনি দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ‘যৌথ অর্থনৈতিক কমিটি’ এবং বিটুবি ফোরাম আয়োজনের প্রস্তাব করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক, সহ-সভাপতি মানোয়ার হোসেন, ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গানার ইউরিয়া এসময় উপস্থিত ছিলেন।
এএ