
কুমিল্লার মেঘনায় জামিলা বেগম নামে এক গৃহবধূকে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এর মধ্যে তাছির পলাতক রয়েছেন।
কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার মরদেহ উদ্ধার করা হয়। কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। ২৫ জুন জামিলার স্বামী মো. আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে চার জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। বিচারক তিন আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে খালাস দিয়েছেন। এ ঘটনায় মোট ১১ জন সাক্ষ্য দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলেন।
এম জি