
রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে বিবাদের ঘটনায় বাস সহকারীর ধাক্কায় ওই পরিবহনের নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সায়েম মুরাদ (৩৫)। তিনি ঢাকার মতিঝিলে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনার পর ওই বাসের চালক ও সহকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। যাত্রাবাড়ী–গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। পিটুনিতে আহত বাসের চালক শাহ আলম (৪০) ও তাঁর সহকারী মোহনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, নিহত সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত চালক ও তাঁর সহকারীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম জি