
রাজধানীতে সরকারি চাকরিজীবীদের আবাসন সমস্যা প্রকট। ফলে তারা ব্যক্তি মালিকাধীন নিম্নমানের বা দূরবর্তী স্থানে ভাড়া বাড়িতে বাস করছেন। এতে তারা অর্থনৈতিকসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা দূর করতে ঢাকার অদূরেই তাদের জন্য ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
যাত্রাবাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি চাকরিজীবীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। এসব ফ্ল্যাটে বসবাসকারী সরকারি চাকরিজীবীরা অতি অল্প সময়েই ঢাকায় নিয়মিত অফিস করতে পারবেন।
এজন্য ৩৯৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি চাকরিজীবীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সভায় মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদেও বিফ্রিং করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সানবিডি/ঢাকা/আহো