
মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন জানিয়েছেন, এ রকম অবস্থার জন্য কখনও প্রস্তুত ছিলাম না। আমি আমার জীবনে নীতি-নৈতিকতার সঙ্গে কখনও আপস করিনি।
সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে বিদায়ী তথ্যসচিব বলেন, যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচব। তারেক রহমানকে আমি সরাসরি কখনও দেখিনি। কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে, তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সচিব মো. মকবুল হোসেন বলেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
এর আগে রোববার সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৫ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মো. মকবুল হোসেনের। তার এক বছর আগেই তাকে অবসর দেওয়া হলো।
এম জি