
আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
চার দিনব্যাপী (১৮ থেকে ২১ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষ থেকে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পুলিশপ্রধান।
রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সম্মেলনে যোগ দেয়া পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ছাড়াও বাকি তিন কর্মকর্তা হলেন- ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খান, পুলিশ সদরদফতরের এআইজি (এনসিবি) মোহাম্মদ এহসান সাত্তার ও আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন সরকার।
ইন্টারপোলের ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইনান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।
সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় করা হবে।
বাংলাদেশের পুলিশপ্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
এএ