
আজ ২৩ মার্চ বুধবার লেনদেন শুরু হবে সম্প্রতি আইপিওতে আসা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের। এইদিন কোম্পানিটি ডিএসইতে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ট্রেডিং কোড হবে “DSSL”। আর ডিএসইতে কোম্পানি কোড হবে-17471।
এর আগে গত ১৬ মার্চ বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই ড্র হয়।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ জানুয়ারি। চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৬১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
বলা হয় কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি এ টাকা সংগ্রহ করবে।
সূত্র মতে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।