
লক্ষ্মীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির গলায় কাপড় পেচানো অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের এক নম্বর শাকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ির বাসিন্দা আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬৫)। তাদের কোনও সন্তান ছিল না। তবে একটি পালিত সন্তান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সিদ্দিক উল্যাহ ও তার স্ত্রী আতরেন নেছাকে ঘরে দেখতে পেয়েছিল স্থানীয়রা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পায়নি এলাকাবাসী। ঘরের বাইরের দরজা লাগানো ছিল। সোমবার রাত ১০টার দিকে পালক ছেলে শাহজাহান দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেয়। এ সময় ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর স্বামী-স্ত্রীর গলায় কাপড় পেচানো অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের সময় ঘরের দরজা বন্ধ থাকলেও ছাঁদের দরজা খোলা ছিল। স্থানীয়দের ধারণা, বৃদ্ধ দম্পত্তির যেহেতু ঘরে কোনো সন্তান নেই; ফলে সম্পত্তির লোভে স্বজনরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পালকপুত্র শাহজাহান জানায়, জমি রেজিস্ট্রি করার বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য রাতে এই বাড়িতে আসি। পরে ঘরের দরজা তালাবদ্ধ দেখে ডাকাডাকি করেও তাদের সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে পুলিশ এসে দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। সম্পত্তির লোভে তাদের গলায় কাপড় পেচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
এম জি