
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়ার কারণে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রেনড্রিয়ামান্দ্রাতোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়িলিনা। খবর রয়টার্সের।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়া সংযুক্ত করলে তার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন রেনড্রিয়ামান্দ্রাতো। এতেই কপাল পোড়ে মন্ত্রীর।
মাদাগাস্কার প্রেসিডেন্সির জারি করা এক ডিক্রি অনুযায়ী দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন জাতীয় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা।
প্রেসিডেন্সি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়- প্রধানমন্ত্রী এনটসে ক্রিশ্চিয়ানের প্রস্তাবে জরুরি অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। ডিক্রিতে পররাষ্ট্রমন্ত্রীর বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।