
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালাতেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকার মিরপুরে থাকতেন তিনি।
ওই বাইকচালক আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী রিফাত বলেন, ধনিয়া কলেজের সামনে হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সজরে ধাক্কা দেয়। এতে বাইকচালক রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. শফিক বলেন, আমার ভাই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন। হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এম জি