
বাংলাদেশ ব্যাংকে সংবাদ কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
বুধবার দুপুরে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকেদের এ কথা জানান। বৈঠকে অন্যদের মধ্যে ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাবেক অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডেপুটি গভর্নরকে আমরা বলেছি, দেশের স্বার্থেই সংবাদ কর্মীরা বাংলাদেশ ব্যাংকে সংবাদ সংগ্রহ করতে আসে। সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা ভালো উদ্যোগকে এগিয়ে নিতে যেমন উৎসাহিত করি তেমনি কোন ত্রুটি-বিচ্যুতিকে অপসারণে চাপ সৃষ্টি করি। তাই বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছি।
তিনি আরও বলেন, ডেপুটি গভর্নর বিষয়টি গভর্নরের সাথে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন। আশা করছি, দু-একদিনের মধ্যেই নিষেধাজ্ঞা ওঠে যাবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সাংবাদিকদের আশ্বস্ত করেন। নিষেধাজ্ঞের ব্যাপারে জানতে চাইলে বলেন, বিষয়টি বিকেলের মধ্যেই দেখছি।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকের কোন বিভাগেই সংবাদ কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর কয়েকদিন আগে থেকেই সংলগ্নী ৩০ তলা ভবনের অবস্থিত বিভাগগুলোতে সংবাদ কর্মীদের যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না। ওই সময়ে সিআইডি কর্মকর্তাদের তদন্ত কাজের অজুহাত দেওয়া হলেও গভর্নর ভবনে কোন কারণ ছাড়াই সংবাদ কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওই সময়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, “অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোন বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেবো।”
এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো