
খুলনা ও বাগেরহাটে চলমান পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর বনানীতে বিআরটিএ চেয়ারম্যান কর্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খুলনায় এদিন সকাল থেকে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবির কথা বলা হচ্ছে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, খুলনার সমাবেশে যাতে দলটির নেতাকর্মীরা অংশ নিতে না পারে সেজন্য সরকারের নির্দেশে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
প্রায়ই দেখা যায়, বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলো যেখানেই সমাবেশ করে, সেখানেই গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়।
বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা— জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। এছাড়া পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না।