
দেশে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। অথচ সরকারের মন্ত্রীরা মানুষের ক্ষুধা ও কষ্ট নিয়ে মিথ্যাচারে মেতেছে।
শুক্রবার (২১ অক্টোবর) বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ এক ভয়াবহ দুঃশাসনের কবলে রয়েছে। এ থেকে মুক্তি পেতে খালেদা জিয়া ও তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, সাংবাদিক নেতা রাশেদুল হক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আশরাফুল মজিদ খোকন, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।