
নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. রফিকুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রামের ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত সোবাহানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন। আহত দুইজন হলেন- অটোরিকশার যাত্রী আশিক ও বুলবুল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে বড়িয়া গ্রাম থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে সিংড়ার দিকে যাচ্ছিলেন রফিকুল। পথে ঋষিপাড়া থেকে নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক রফিকুলসহ ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।
এম জি