
পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ১৩ বছর ধরে আন্দোলনে খরা। এখন একটু বৃষ্টি দেখতে পাচ্ছে। অতীত ভুলে যাবেন না।
রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বিআইসিসিতে মেট্রোরেল লাইন-১ চুক্তি সই শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেফ এক্সিট বিএনপি নেতাদের দরকার, ফখরুল সাহেবের দরকার, আওয়ামী লীগের দরকার নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফাইটার, তারা এক্সিট করবে না।
এ সময় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় এখানেও সেভাবে নির্বাচন হবে। যাদের কাছে নালিশ করেন তাদের দেশেও তত্ত্বাবধায়ক নাই। আর টেমস নদীর পাড় থেকে যিনি নির্দেশ দেন তিনি পালিয়েছেন। দেশে ফেরার সৎ সাহস পেলেন না তিনি।