
গ্রাহকের বিমা দাবি তৈরি হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে তা পরিশোধের নিশ্চয়তা দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’।
দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রধান অতিথি হিসেবে বিমা মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
কোম্পানিটি জানায়, তারা সর্বোচ্চ সংখ্যক মোটর বিমা ঝুঁকি নিয়ে থাকে। ১৫ দিনের মধ্যে দাবি প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। এছাড়া মোটর ইন্সুরেন্সের সর্বোচ্চ দাবি প্রদানও করে থাকে নিটল ইন্সুরেন্স।
কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোজাফফর ভূঁইয়া বলেন, আমাদের মোট ৫০টির মতো প্রোডাক্ট রয়েছে। যার মধ্যে মোটর বিমা, নৌ বিমা, সম্পত্তি বিমা অন্যতম। বিমা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করা এবং বিমা পলিসি সম্পর্কে সচেতন করতে এ ধরনের মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
মেলা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
রাষ্ট্রায়ত্ব বিমা কর্পোরেশেনসহ দেশি-বিদেশি মোট ৫০টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে।এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একটি মেডিকেল স্টল রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো