
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে আবারও ২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ১৭ নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, ভোরে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে ওই দুই রোহিঙ্গাকে ক্ষত বিক্ষত করে। ঘটনাস্থলে ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. জসিম নামের এক রোহিঙ্গা সশস্ত্র একদল মুখোশধারীর হাতে নিহত হন, অপর রোহিঙ্গা সালাম মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রথমে তার মৃত্যুর খবর চাউর হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এম জি