
পঞ্চগড়ে বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়- আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। তিনি পঞ্চগড় জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন রাকিব। এ সময় রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যামবুলেন্সে করে রংপুর মেডিখ্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।