
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার 'চক্রান্তের' প্রতিবাদে সারাদেশে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে এ হরতাল।
চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই হরতালে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরআগে রোববার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে।
'হাতেগোনা' কতিপয় 'রাষ্ট্র ও ধর্ম বিদ্বেষী' ব্যক্তিকে খুশি করার জন্য সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার উদ্যোগ গ্রহণ করলে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনও মেনে নেবে না বলেও বিবৃতিতে হুমকি দেয়া হয়। এতে বলা হয়, যে সব ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখাচ্ছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে দাবি করা হয়, ধর্মনিরপেক্ষতার দাবিদার অনেক দেশেই সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও এ দেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রয়েছে, কখনও সাম্প্রদায়িক দাঙ্গা হয় না।