
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনাকক্ষে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সমনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় কালোব্যাচ ধারন করে ও মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিশ^বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র শিমুল মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক অরবিন্দ সাহা, আইন বিভাগের অধ্যাপক রেবা মন্ডল, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গৌতম কুমার প্রমুখ। এসময় বক্তারা বিশ^বিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত সনাতন ধর্মালম্বীদের প্রার্থনাকক্ষে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা হামলা ও ভাংচুরের ঘটনার বিচার ও শাস্তির দাবি নিয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সাথে দেখা করেন এবং উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী কর্মী রিয়ন মিয়া, সোহাগ, তুষারসহ ৫-৭জন ছাত্রলীগ কর্মী গত ২৩ ফেব্রুয়ারী বিকাল সাড়ে তিনটায় বিশ^বিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত সনাতন ধর্মালম্বীদের প্রার্থনাকক্ষে চেয়ার দিয়ে ভাংচুর করেন। তবে কি কারনে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।